কুষ্টিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার লুবাব হোসেন (২০) নামে এক পলিটেকনিক শিক্ষার্থী রহস্যজনকভাবে মারা গেছেন।
মঙ্গলবার (১৭ জুন) রাত ১২টার দিকে বাঁধন ছাত্রাবাসে এই ঘটনাটি ঘটে। লুবাব দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামে। তিনি শফিউল ইসলামের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, প্রাথমিকভাবে লুবাবের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং ঘটনাস্থল থেকেও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। তবে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তারা ধারণা করছেন, লুবাব কোনো ধরনের মাদকাসক্ত হতে পারেন।

তিনি আরও বলেন, “এটি অত্যন্ত সংবেদনশীল একটি মৃত্যু। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত করে বলা যাবে, এটি কীভাবে ঘটেছে।”

এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত প্রক্রিয়া চলছে এবং প্রয়োজন হলে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও ছাত্রাবাসের অন্যান্য শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করা হবে।