জেসমিন বিল্ডার্সের নকশা জালিয়াতি ভবন সংশোধনের নির্দেশ হাইকোর্টের

গাজীপুর মহানগরের হাক্কানি হাউজিং সোসাইটিতে নির্মিত ‘এফ কে এস মউহার’ নামের দশতলা ভবনে নকশা জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে।

হাইকোর্ট গত ২২ মে দেওয়া চূড়ান্ত রায়ে রাজউক ও গাজউককে ছয় মাসের মধ্যে ভবনটি অনুমোদিত নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সংশোধনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, সংস্কারের সময় বাসিন্দাদের অস্থায়ীভাবে কোথাও যেতে হলে উপযুক্ত বাসাভাড়া পরিশোধ করতে হবে বলে আদেশ দেন আদালত।

রিট পিটিশন (নং ১১৪/২০২৪) করেন ভবনের জমির মালিক মনোয়ারা বেগম। তাঁর অভিযোগ, ডেভেলপার প্রতিষ্ঠান জেসমিন বিল্ডার্স নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণ করেছে, যেখানে ভয়েড বন্ধ, জরুরি প্রস্থান পথ অনুপস্থিত, অনুমোদিত দুটি সিঁড়ির পরিবর্তে একটি সিঁড়ি রাখা হয়েছে, এবং সীমানা প্রাচীর নকশাবহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে। পিটিশনারের পক্ষে আদালতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান ও ব্যারিস্টার তৌফিকুল ইসলাম খান। ডেভেলপার ও সংশ্লিষ্ট সংস্থার পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন ও অ্যাডভোকেট নাদিম।

মনোয়ারা বেগম অভিযোগ করেন, ডেভেলপাররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁর পরিবারকে হয়রানি করেছেন এবং মিথ্যা মামলায় তাঁর ছেলেকে জেলেও পাঠানো হয়েছে। আদালতের রায় অনুযায়ী, সংশোধন শেষে রাজউক ও গাজউককে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে।