তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে হাতে কলমে ধারণা পেলো মথুরা গ্রামের তরুণ স্বেচ্ছাসেবকবৃন্দ

১৭ সেপ্টেম্বর ২০২৫, বগুড়া: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস) গ্রুপ, সনাক, বগুড়া এর উদ্যোগে অর্ধ-দিনব্যাপী মথুরা সমাজ কল্যাণ পরিষদ (এমএসকেপি), মথুরা, বগুড়া সদর, বগুড়াতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে তরুণ স্বেচ্ছাসেবকদের সচেতন করতে এক ওরিয়েন্টেশন এর আয়োজন করা হয়। সকাল ১০ টায় অনুষ্ঠানটি শুভ উদ্ধোধন করেন সনাক সভাপতি অধ্যাপক ওসমান গনি, এ সময় আরো উপস্থিত ছিলেন মথুরা সমাজ কল্যাণ পরিষদ (এমএসকেপি) এর নির্বাহী পরিচালক জনাব জাহিদুর রহমান, সনাক বগুড়া’র ইয়েস উপ-কমিটি’র আহ্বায়ক জনাব মেরাজুল হাসান মন্ডল,  মথুরা গ্রামের তরুণ স্বেচ্ছাসেবকবৃন্দ এবং টিআইবি-সনাক এর ইয়েস সদস্যবৃন্দ।
তথ্য অধিকার আইন ২০০৯, বিষয়ে ধারণা প্রদান, কিভাবে তথ্য চেয়ে আবেদন করতে হয় তা হাতে কলমে শেখানো, কেউ তাৎক্ষনিক সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে চাইলে তার পূরণে সহযোগিতা করা এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও আবেদন পত্র বিতরণ করা হয় । তথ্য অধিকার আইন বিষয়ক এ ওরিয়েন্টেশনে তরুণ স্বেচ্ছাসেবীবৃন্দ অধিকাংশই এ আইন সম্পর্কে প্রথমবারের মত ধারণা পেয়েছেন। এছাড়াও অনেকে এ আইনের নাম শুনলেও কিভাবে এর প্রয়োগ করা যায় এবং কিভাবে এ সুফল পাওয়া সম্ভব সে বিষয়ে সরাসরি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা পান। উপস্থিত তরুণ স্বেচ্ছাসেবকরা এ ধরণের কর্মসূচি আয়োজনের মাধ্যমে তারা এ বিষয়ে জানতে পেরে উপকৃত হয়েছেন বলে জানান এবং আরো বিভিন্ন প্রতিষ্ঠানে একই ধরণের উদ্যোগ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন। উক্ত তথ্য অধিকার ওরিয়েন্টেশন কার্যক্রমটি সার্বিকভাবে পরিচালনা করেন সনাক, বগুড়া’র তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যগণ। উল্লেখ্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সনাক স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করে থাকে। এ সময় কর্মসূচির সমন্বয় করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. মঞ্জুর হোসেন।