বগুড়ার ধুনটে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ এর অভিযানে ইউনিয়ন যুবলীগ কর্মী গ্রেপ্তার

‎বগুড়ার ধুনটে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তদন্ত প্রাপ্ত আসামি হিসেবে মোঃ আব্দুল মান্নান (৩৫) নামে এক ইউনিয়ন যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে ধুনট থানা  পুলিশ।

গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার এলাঙ্গী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের কর্মী এবং শৈলমারী গ্রামের আব্দুর রশিদের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০মে ধুনট বাজারের হোটেল আরাফাত ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে প্রবেশ করে হামলা চালায়।

এ সময় বিএনপির নেতাকর্মীদের মারধর করা হয় এবং কার্যালয়ে ভাঙচুরসহ ব্যানারে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর যুবদল নেতা ইমদাদুল হক রনি বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হায়দার আলী জানান, মামলার এজাহারে গ্রেপ্তারকৃত আসামির নাম উল্লেখ না থাকলেও তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।