নাচোলে অতি বৃষ্টিতে তলিয়ে গেছে জমির ধান কৃষকরা বিপাকে

জৈষ্ঠ্য মাসের অতি বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধান ক্ষেতে পানি জমে ব্যপক ক্ষতির মুখে পড়েছে কৃষক। জমির পানি নিস্কাশন করেও চলতি সপ্তাহের অতিবৃষ্টির পানি নামছেনা। শত শত বিঘা
জমিতে জলাবদ্ধতার কারণে জমির ধান পচে ও গেজে যাচ্ছে। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ও শ্রমিক সংকটের জন্য মাঠ থেকে ধান কেটে আনতে পারছেনা কৃষক। সেচ ও সার-কীটনাশক প্রয়োগ করে ভালো ফলন আশা করছিল কৃষক। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষক। উপজেলার সদর ইউনিয়নের হাঁকরইল গ্রামের কৃষক আব্দুল কাদির জিলানী, ডিপ অপারেটর সেলিম রেজা, মুরাদপুর গ্রামের আনিকুল ইসলাম জানান, জমির সরিসা উঠিয়ে ওই জমিতে দেরী করে বোরো আবাদের জমির ধান অতিবৃষ্টিতে তলিয়ে গেছে। ক্ষেতে পানি জমে না থাকলে ওই জমির প্রায় ২৫/৩০ মন বিঘা ফলন আশা করছিলেন তারা। ধানক্ষেতে একটানা ৪/৫ দিন পানি জমে থাকায় ধান পচে ও গজিয়ে যাওয়ার কারণে ফলন ১৫/১৬ মন বিঘা হতে পারে বলে আশংকা করছেন কৃষকরা। একই অবস্থা উপজেলার কসবা ইউপির চন্দনা বিলের ধান ক্ষেতে। অতিবৃষ্টিতে জমি থেকে ডাঙ্গী কাটা ধান মাথায় বয়ে আনতে হবে শ্রমিকদেরকে। ফলে খরচও বাড়বে কৃষকদের। একদিকে ফলনে বিপর্যয় অপরদিকে বাড়তি খরচে দিশেহারা কৃষকরা। সব মিলিয়ে কৃষকরা আছে বিপদে। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম জানান, সরিসা উঠিয়ে কৃষকরা দেরিতে বোরো আবাদ করেছেন। বিগত কয়েক বছর অতিবৃষ্টি ছিলোনা। কিন্তু এ বছর অতিবৃষ্টিতে বোরো ক্ষেতে পানি জমে ধানের ক্ষতি হয়েছে।