নানা আয়োজনে সাতক্ষীরা মুক্ত দিবস পালন

নানা আয়োজনে সাতক্ষীরা মুক্ত দিবস পালিত হয়েছে।রোববার(৭ ডিসেম্বর)সকালে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অতীতে যারা ক্ষমতায় এসেছে, তারা কেউই এ দেশের মুক্তিকামী মানুষের কথা ভাবিনি।ভেবেছে তাদের নিজেদের কথা।দেশের স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, তারা আজ অবহেলিত। তাদের সম্মান ও মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় শেষ হয়।