বগুড়ায় ছাগল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ছাগল কুপিয়ে হত্যা করায় সজিব হাসান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। তাকে পশু হত্যা মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার (২০ আগস্ট) দুপুরে উপ‌জেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সজিব একই গ্রামের আব্দুর রহমান বাটুর ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন তিনটি ছাগল গ্রামের বাঙ্গালী নদীর শস্যবিহীন চরে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন। পরে দুপুর ১২টার দিকে তিনি ও তার পাঁচ বছরের মেয়ে মেহজাবিন কে সাথে নিয়ে ছাগলগুলো নিয়ে সজিব হাসান বাড়ির পাশে সড়ক দিয়ে ফিরছিলেন।

এ সময় একটি ছাগল সজিব হাসান এর কলা গাছের পাতা খায়।

এ ঘটনাকে কেন্দ্র করে সজিব হাসান উত্তেজিত হয়ে দা দিয়ে কুপিয়ে একটি ছাগলকে হত্যা করেন। তিনি আরো দুইটি ছাগলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
তাকে বাধা দিতে গেলে সজিব দা হাতে নিয়ে জাহেদা খাতুন ও তার সন্তানকে মারার জন্য তাড়া দেয়।তাড়া খেয়ে তারা দুইজন দৌঁড়ে পালিয়ে যায়। সেই দিন রাতেই আল মাহমুদ বাদী হয়ে শেরপুর থানায় ছাগল হত্যার ঘটনায় মামলা দায়ের করেন। সেই ঘটনায় ঐ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে পশু হত্যা মামলার আসামি সজীব হাসানকে গ্রেফতার করেন।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, পশু হত্যা মামলার একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।