বয়স ‘চুরি’ ও ভুয়া সনদে চাকরি: বিপিসির চট্টগ্রাম দফতরের মহাব্যবস্থাপক (অর্থ) মোরশেদ হোসাইন আজাদের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের

বয়স জালিয়াতি ও ভুয়া অভিজ্ঞতার সনদ ব্যবহার করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে (বিপিসি) চাকরি নেওয়া এবং পরবর্তীতে পদোন্নতি পাওয়া সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান চট্টগ্রাম দফতরের মহাব্যবস্থাপক (অর্থ) মোরশেদ হোসাইন আজাদের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্র সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হকের পক্ষে আজ ২৩ অক্টোবর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহম্মদ আহসান।

রিটে জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, ২০০৯ সালের ১৩ মার্চ তারিখে দৈনিক আজাদীতে প্রকাশিত বিপিসির উপব্যবস্থাপক (বিপণন) পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল অনূর্ধ্ব ৩৩ বছর (৩১ মার্চ ২০০৯ তারিখে)। কিন্তু ওই সময় মোরশেদ হোসাইন আজাদের প্রকৃত বয়স ছিল ৩৬ বছর ৪ মাস ২১ দিন।

এছাড়া, চাকরির আবেদনে অভিজ্ঞতার প্রমাণ হিসেবে “গ্লোয়ার ট্রেডিং” নামক একটি প্রতিষ্ঠানের সনদ দাখিল করা হয়, যা পরবর্তীতে অডিটে ভুয়া হিসেবে শনাক্ত হয়। এ বিষয়ে অডিট আপত্তিও ওঠে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, তৎকালীন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রভাব খাটিয়ে তিনি নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেন এবং পরবর্তীতে বিপিসির বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন।
২০২১ সালের ৫ ডিসেম্বর যমুনা অয়েল কোম্পানির মোংলা ইন্সটলেশনের তৎকালীন ব্যবস্থাপক (পরিচালন) একেএম জাহিদ মোরশেদ হোসাইন আজাদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তারিত বিবরণ দিয়ে দুদকে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। কিন্তু দুদক যথাযথ তদন্ত না করে অভিযোগটি উপেক্ষা করে।

রিটের আইনজীবি মুহম্মদ আহসান বলেন, রিট আবেদনে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোরশেদ হোসাইন আজাদকে চাকরিচ্যুত করা, তার বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়ার দাবি জানানো হয়েছে। রিট পিটিশন নং- ১৭৩৪৬/ ২০২৫। আশা করা যায়, খুব শিঘ্রই আদালতে রিটটি শুনানী হবে।

রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহম্মদ আহসান জানান, রিটে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোরশেদ হোসাইন আজাদকে চাকরিচ্যুত করা, তার বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনার আবেদন জানানো হয়েছে।
রিট পিটিশন নং: ১৭৩৪৬/২০২৫। তিনি আরও জানান, খুব শিগগিরই রিটটির শুনানি হতে পারে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য জুলাই অভ্যুত্থানের পর ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি জাতীয় দৈনিকে “বয়স চুরি, ভুয়া অভিজ্ঞতা সনদ দিয়েও বিপিসিতে রাজত্ব” শিরোনামে বিপিসির মোরশেদ হোসাইন আজাদকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয় এবং তার জাতিয়াতি ও দুর্নীতির খবর প্রকাশ্যে আসে।