বেলকুচিতে ‘যমুনা রক্ষায় আমরা’ আলোচনা সভায় নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি

 

স্টাফ রিপোর্টার:

ধরিত্রীর জন্য আমরা (ধরা)-এর উদ্যোগে গঠিত অঙ্গসংগঠন ‘যমুনা রক্ষায় আমরা’-এর আয়োজনে সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার শাহাপুর বাজার সংলগ্ন দেলুয়া শাহপুর আগুরিয়া উচ্চ বিদ্যালয়ে “যমুনা অববাহিকার পরিবেশ সংকট ও তার নিরসন” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭মে২০২৫(শনিবার) সভায় সভাপতিত্ব করেন দেলুয়া শাহপুর আগুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হযরত আলী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ধরার উত্তরাঞ্চলের সমন্বয়কারী পরিবেশকর্মী জিয়াউর রহমান, আহ্বায়ক কমিটির উপদেষ্টা ডঃ বেলাল হোসেন, আহবায়ক অধ্যাপক আব্দুল কাদের (খৈয়াম কাদের)

যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন লিটন, সদস্য সচিব মোঃ খোরশেদ আলম, ফজলে রাব্বি ডলার প্রমুখ।

বক্তব্য প্রদান করেন আহবায়ক অধ্যাপক আব্দুল কাদের (খৈয়াম কাদের) সদস্য সচিব খোরশেদ আলম, জিয়াউর রহমান। স্থানীয় অধিবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে সংগঠনের বক্তারা যমুনা অববাহিকায় বসবাসকারী মানুষদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরে বলেন, “নদীভাঙন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও বালু উত্তোলনের ফলে যমুনা আজ হুমকির মুখে। এসব কারণে হাজারো পরিবার বছরের পর বছর গৃহহীন হয়ে পড়ছে।”

তারা আরো বলেন, “যমুনাকে বাঁচাতে হলে শুধু নদীর পাড় নয়, বাঁচাতে হবে এর পুরো পরিবেশগত ভারসাম্য। স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ ছাড়া এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।”

আলোচনায় অংশগ্রহণকারী সকলে ‘যমুনা রক্ষায় আমরা’ সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সভায় স্থানীয় জনগণ, শিক্ষক, কৃষক ও নদীপ্রেমী তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।