ভাঙ্গুড়ায় ইমামকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

পাবনার ভাঙ্গুড়ায় গনি মোল্লা (৬০) নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৯ জুন) গভীর রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর সিকেবি আলিম মাদ্রাসার একটি কক্ষে এ ঘটনা ঘটে। নিহত গনি মোল্লা মাদ্রাসার নৈশপ্রহরী ও কাজীপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, খানমরিচ কাজীপাড়া এলাকার শাহাদত হোসেন ময়মনসিংহের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ঘটনার দিন শাহাদত ও তার দুলাভাই ইয়াসিন আলী গনি মোল্লার কাছে গিয়ে বিয়ে পড়ানোর অনুরোধ করেন। তবে শাহাদতের আগেও স্ত্রী ও সন্তান থাকায় গনি মোল্লা বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তারা মাদ্রাসার কক্ষে গনি মোল্লাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোমবার (১০ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ইমামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী শাহাদত ও তার আত্মীয়দের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।