ভাঙ্গুড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার দক্ষিণ মেন্দা গ্রামে ঝিনুক মনি (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (রাত) গভীর রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঝিনুক মনি স্থানীয় জরিনা রহিমা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং দক্ষিণ মেন্দা গ্রামের ফরহাদ হোসেনের কন্যা।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে ঝিনুক ঘরের ডাবের সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. হালিমা খানম তাকে মৃত ঘোষণা করেন।

তবে ঠিক কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।