ভাঙ্গুড়ায় ১৩ বছর ধরে বেতুয়ান কমিউনিটি ক্লিনিক সড়কবিহীন জনপদ, চরম দুর্ভোগে বাসিন্দারা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় একটি সংযোগ সড়কের অভাবে দীর্ঘ ১৩ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। দুর্ভোগ লাঘবে নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। সরেজমিনে গিয়ে দেখা যায়, চারপাশে ফসলের মাঠ। মাঝখানে দাঁড়িয়ে আছে কমিউনিটি ক্লিনিক! যাতায়াতের জন্য নেই কোনো সংযোগ সড়ক। অন্যের জমির আইল দিয়ে যাতায়াত করছেন সেবাগ্রহীতারা।
খোঁজ নিয়ে জানা যায়, সড়কের পাশে কোনো জায়গা না পেয়ে এলাকার জনৈক ব্যক্তির দানকৃত নদীপাড়া ফসলের মাঠে ক্লিনিকের ভবন নির্মাণ করা হয়। এরপর ক্লিনিকে যাতায়াতের জন্য সংযোগ সড়কের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু জমির মালিকরা সড়কের জন্য জায়গা দিতে অস্বীকৃতি জানান। এর বেশকয়েক বছর পর সংযোগ সড়কের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন গ্রামের লোকজন। এরই পরিপ্রেক্ষিতে তখন সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু জমির মালিকদের বাধায় বন্ধ হয়ে যায় সড়ক নির্মাণকাজ। দীর্ঘ ১৩ বছরেও একটি সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না সেবাগ্রহীতাদের। স্থানীয়রা জানান, ক্লিনিকটিতে যাতায়াতের জন্য সংযোগ সড়ক না থাকায় গর্ভবতী মায়েদের সেখানে চিকিৎসাসেবা নিতে যাওয়া খুব কষ্টসাধ্য। এ ছাড়া সামান্য বৃষ্টি হলে কর্দমাক্ত পিচ্ছিল পথে চলাচলে ভোগান্তি বেড়ে যায়। আর বর্ষাকালে ক্লিনিকের ভেতরে পানি প্রবেশ করায় ব্যাহত হয় সেবাদান। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম বলেন, ‘বেতুয়ান কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের জন্য সংযোগ সড়ক নির্মাণ করা জরুরি। তাই বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার আমার দেশকে বলেন, ‘ওই ক্লিনিকটিতে যাতায়াতের জন্য সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।