মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির হাতে দেশ নিরাপদ নয়: রেজাউল করিম বাদশা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৬ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, একটি চক্র দেশে গণতন্ত্রবিনাশী চক্রান্তে লিপ্ত রয়েছে। যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা এই দেশের স্বাধীনতাকামী মানুষের বুকে গুলি চালিয়েছিল, মা-বোনরে সম্ভ্রমহানী করেছে, আজ তারা বড় বড় কথা বলছে। তাদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ নয়।

আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় শেরপুরের জেলাপরিষদের অডিটোরিয়ামে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৬ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, অনেকে খুন ও গুম হয়েছেন। পুলিশি হয়রানিতে অনেক নেতা মাসের পর মাস বাড়ি ছাড়া থেকেছেন, মাঠে ঘাটে পালিয়ে বেড়িয়েছেন। তবুও আন্দোলনের মাধ্যমে মানুষকে সাহস জুগিয়েছেন। সেই ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে।

তবে কিছু মহল এ আন্দোলনের সফলতা কেবল নিজের কৃতিত্ব বলে দাবি করছে বলেও তিনি অভিযোগ করেন। তার ভাষায়, শেখ হাসিনার পতন কোনো এক মাসের আন্দোলনের ফসল নয়, এটা জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি বলেন, বিএনপি সারা দেশে নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়নের কার্যক্রম শুরু করেছে। এর ফলে বিপুল সংখ্যক গণতন্ত্রকামী মানুষে আমাদের সাথে যুক্ত হবে। বিশেষ করে তরুন-যুবকের অন্তর্ভুক্তির মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা তড়ান্বিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, বগুড়া জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সভাপতি এ কে এম তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার, মোঃ জাহিদুল ইসলাম হেলাল, শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, নির্বাহী সদস্য আলহাজ্ব শাহ আলম পান্না, হাসানুল মারুফ শিমুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শাহীন প্রমুখ।

অনুষ্ঠানের অংশ হিসেবে একটি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ সরবরাহ করা হয়।