শেরপুরে ১৫ বছরের প্রতীক্ষা শেষে ছাত্রদলের প্রাণের সম্মেলন

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হলো পৌর ছাত্রদলের কর্মী সম্মেলন। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রশিদ সন্ধান সরকার। উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকি রাকিব, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরাসহ বগুড়া জেলা এবং শেরপুর পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ সন্ধান বলেন, “বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যারা পরীক্ষিত সৈনিক ছিলেন, যারা দীর্ঘ ১৭ বছর খুনি শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে রক্ত, পরিশ্রম ও ঘামের মাধ্যমে দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতিটি আহ্বান বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন— সেই সাহসী কর্মীদের হাতেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব তুলে দেব। এখানে ৫ তারিখের পর কোন অনুপ্রবেশকারীর স্থান থাকবে না। যারা অন্যায়-অবিচারের বিরুদ্ধে বছরের পর বছর লড়ে গেছেন, গুম, খুন, মামলা ও হামলার শিকার হয়েছেন— তাদের নিয়েই ছাত্রদল সামনের দিকে এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতির সামনে ৩১ দফা ঘোষণা করেছেন। আমাদের সকলের দায়িত্ব, এই ৩১ দফা ঐক্যবদ্ধভাবে সকলের সামনে তুলে ধরা এবং বাস্তবায়নের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তোলা।
আমাদের প্রিয় নেতা বাংলাদেশের যেখানে এবং যে আসনে যাকে মনোনয়ন দিবে, যে ধানের শীষের প্রতীক নিয়ে মাঠে নামবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন করে ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবে।”

বক্তব্যের শেষাংশে তিনি কিছু রাজনৈতিক সংগঠনের ‘ধর্ম ব্যবসা’ নামক অপকর্মের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা কারও ধর্ম নিয়ে রাজনীতি করি না, বরং দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা এবং অধিকার রক্ষায় কাজ করি।”

সম্মেলনে শেরপুর পৌর ছাত্রদলের পক্ষ থেকে সভাপতির পদপ্রত্যাশী হিসেবে এস.এম ফারহান লাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।দীর্ঘ ১৫ বছর পর আয়োজিত এই প্রাণের সম্মেলনটি শেরপুরের ছাত্র রাজনীতিতে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে বলেও ধারণা করছেন অনেকে।