সড়ক দুর্ঘটনায় আহত ঝর্ণার চিকিৎসায় বিএনপি নেতা মজনু’র মানবিক সহায়তা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার করুয়াজান গ্রামের মেধাবী শিক্ষার্থী ঝর্ণা আক্তারের জীবন এখন সংগ্রামের মধ্য দিয়ে চলছে। সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তার দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয় পরিবারটির সামর্থ্যের বাইরে চলে যায়। অসহায় সেই পরিবারের আর্তি সমাজের দরদী মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
এমন সময়ে পাশে দাঁড়িয়েছেন মধ্যনগর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম মজনু। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি ঝর্ণার হাতে ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে দলীয় অস্থায়ী কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
বর্তমানে ঝর্ণা আক্তার আনন্দ মোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করছেন। দুর্ঘটনার পর চিকিৎসার ব্যয় পরিবারটির উপর চরম চাপ সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে দ্রুত সহায়তা প্রদানের উদ্যোগ নেন আব্দুল কাইউম মজনু। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, সদস্য মোঃ কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় আব্দুল কাইউম মজনু বলেন, “ঝর্ণার চিকিৎসায় কোনো ঘাটতি রাখতে চাই না। প্রয়োজন হলে সামনে আরও সহায়তা করা হবে। মানবিকতা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে— বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”ঝর্ণা আক্তারের পরিবার তাদের এই বিপদের দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।