সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কোপানোর ঘটনায় গণঅধিকার নেতার বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার পাটকেলঘাটায় শাহিনুর কবির নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী হাসানুর রহমান হাসান ওরফে মিনিস্টার হাসান ও তার ১০ সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঘটনায় রোববার (৭ সেপ্টেম্বর)সকালে শাহিনুরের পিতা লিয়াকাত গাজী বাদী হয়ে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় একটি মামলা(নং-০২)দায়ের করেছেন।এতে হাসানসহ হামলায় সরাসরি অংশ নেওয়া তার ১০ জন সহযোগীর নাম উল্লেখ করেন মামলায়। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দল।
এর আগে,শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।হামলায় গুরুতর আহত হয়েছেন শাহিনুরের ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানা। পরে আহতদের চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শাহিনুর সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। অভিযুক্ত হাসানুর রহমান হাসান জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী। তিনি জামায়াতের গুপ্ত সংগঠন শিবিরের সাবেক নেতা ও আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত।তার বিরুদ্ধে রাষ্ট্রদোহী মামলা,নাশকতার মামলা, প্রতারণার মামলা,মাদক ও নারী কেলেঙ্কারির মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে দেশের বিভিন্ন থানায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাছের ঘের থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জমি নিয়ে বিরোধের জেরে তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় শাহিনুর কবিরকে লোহার রড, হাতুড়ি, দা, জিআই পাইপ ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী সশস্ত্র হামলা করে।জীবন বাঁচাতে পাশের দোকানে আশ্রয় নিলেও শাটার ভেঙে তাকে আবারও বেধড়ক মারধর করা হয়।এ সময় ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানা ছুটে এলে তাদের ওপরও বেপরোয়া হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের কোপে সাইফুল্লাহ গুরুতর জখম হন। পারুল সুলতানাকে পিটিয়ে জখম করার পাশাপাশি তার গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। হামলাকারীরা শাহিনুরের মোটরসাইকেল ভাঙচুর করে। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী শাহিনুর অভিযোগ করে বলেন, ২০২৩ সালে বিএনপির দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের সাবেক এক মন্ত্রী এবং তালা উপজেলা আওয়ামী লীগের এক নেতার প্রভাবে র‍্যাব তাকে গ্রেপ্তার করে।সে সময় দীর্ঘদিন জেলও খাটতে হয়।এছাড়া সরকার পতনের পরে বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন হাসান।তার ও গ্যাং বাহিনীর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ ঘটনায় রোববার(৭ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী শাহিনুরের বাবা লিয়াকাত গাজী পাটকেলঘাটা থানায় একটি মামলা(নং-০২)করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাসানুর রহমান হাসান বলেন,জমির কাগজ আমাদের রয়েছে,কিন্তু তারা জোর করে দখল করে রেখেছে। আইন হাতে তুলে মারধর করার মতো ঘটনা ঘটানো ঠিক হয়েছে কি না এমন প্রশ্নে তিনি এড়িয়ে যান।
হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. কামরুজ্জামান ভুট্টো বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত আসামিদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে এ ধরনের ঘটনায় যাতে সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা।
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, হামলার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরবর্তীতে রোববার সকালে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলোমান রয়েছে।