সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক সাইফুল 

সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ এস এম সাইফুল ওয়াদুদ (৫১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি শটগান ও ২৭ রাউন্ড গুলিসহ ছুরি,চাপাতি এবং কুড়াল জব্দ করা হয়।
রোববার(১৬ নভেম্বর) রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন ভেটখালি এলাকায় এ অস্ত্র ও গোলাবারুদ জব্দ ও আটকের ঘটনা ঘটে। আটক সাইফুল শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মৃত আবু বক্কর সরদারের ছেলে।
শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির  জানান,সাইফুল ২০১৭ সালে দায়ের করা একটি অস্ত্র মামলার আসামী। সুন্দরবনে ডাকাতি ও লুটতরাজের সাথে জড়িত সাইফুল উপজেলার ভেটখালি এলাকার একটি বাড়িতে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কালিগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় তাকে আটক করা হয়।পরে সেই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি শটগান ও ২৭ রাউন্ড গুলিসহ ছুরি,চাপাতি এবং কুড়াল জব্দ করা হয়।সোমবার সকালে তাকে থানায় সোপর্দ করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।