সুনামগঞ্জে বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত সুনামগঞ্জের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (২০ নভেম্বর ২০২৫) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
জানা গেছে, বহিষ্কারাদেশ প্রত্যাহার পাওয়া নেতারা হলেন—মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য নুরুল হক আফিন্দী এবং তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কাশেম। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তারা পূর্বে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত ছিলেন।
তাদের দাখিল করা আবেদন পর্যালোচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব বহিষ্কারাদেশ পুনর্বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করে। জারি করা চিঠিতে উল্লেখ করা হয়—বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তিনজন নেতাকে পুনরায় বিএনপির প্রাথমিক সদস্য পদে বহাল করা হলো এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী করতে তারা সক্রিয় ভূমিকা রাখবেন—দল এমনটাই প্রত্যাশা করে। রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ওই সিদ্ধান্তের অনুলিপি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট ও সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট পর্যায়ের সকল নেতৃবৃন্দের কাছে প্রেরণ করা হয়েছে।
পুনর্বহালের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আব্দুল আউয়াল মিছবাহ বলেন, “দলের প্রতি আমার আস্থা, বিশ্বাস ও কমিটমেন্ট সবসময় ছিল। আমাকে পুনর্বহাল করায় কেন্দ্রীয় এবং জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। দল, দেশ ও মানবতার কল্যাণে আরও বেশি শক্তি নিয়ে কাজ করতে চাই।”