AI ভিডিও: প্রযুক্তির ছায়ায় বাস্তবতার বিপন্নতা

“ঘুম থেকে উঠে দেখি—একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে আমি! কিন্তু সেই কথাগুলো আমি বলিনি…
আমি কি তাহলে নিজেকেই হারিয়ে ফেলেছি প্রযুক্তির অতল গহ্বরে?”

এই প্রশ্নটি হয়তো আজ অবাস্তব মনে হচ্ছে, কিন্তু আগামীকাল আমাদের জীবনের এক নির্মম বাস্তবতায় রূপ নিতে পারে।
এক সময় মানুষ প্রযুক্তিকে ভেবেছিল মুক্তির মাধ্যম। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রযুক্তিই এখন মানুষের বুদ্ধি, চিন্তা ও পরিচয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর ভিডিও প্রযুক্তি—যা দেখতে-শুনতে এমন নিখুঁত ও বাস্তবসম্মত হয়ে উঠেছে যে সত্য আর মিথ্যার মাঝখানে পার্থক্য করা হয়ে উঠছে প্রায় অসম্ভব।
আজকের AI শুধু ডেটা বিশ্লেষণ করে না; এটি তৈরি করছে Deepfake ভিডিও, AI voice-cloning, Virtual Presenter, এমনকি কারো মুখ ও কণ্ঠস্বর হুবহু নকল করা কনটেন্ট। এতে সাধারণ মানুষ তো বটেই, অনেক সময় বিজ্ঞজনরাও বিভ্রান্ত হচ্ছেন।
২০২৩ সালে ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া একাধিক রাজনৈতিক Deepfake ভিডিও জনমতকে প্রভাবিত করেছিল, বিভ্রান্ত করেছিল লক্ষাধিক মানুষকে। নির্বাচন, আন্দোলন কিংবা সংকটপূর্ণ সময়ে এমন ভিডিও বিপজ্জনক হয়ে উঠতে পারে গণতন্ত্র ও আইনশৃঙ্খলার জন্য।

তবে এই প্রযুক্তি শুধু হুমকি নয়, সম্ভাবনাও বয়ে এনেছে।
বাংলাদেশে “10 Minute School” ও “Shikho”-র মতো ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম AI-ভিত্তিক ভার্চুয়াল শিক্ষক ব্যবহার করে শিক্ষাব্যবস্থায় নতুন দিগন্ত খুলেছে।
YPSA-এর মতো সংস্থা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সাবটাইটেলসহ বর্ণনামূলক ভিডিও তৈরি করছে। কিছু স্টার্টআপ গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক AI ভিডিও তৈরি করে তথ্যের বৈষম্য কমাচ্ছে।

AI ভিডিও আজ শিক্ষক, সংবাদ পাঠক, অভিনেতা, উপস্থাপক এমনকি ব্র্যান্ড মডেলদের ভার্চুয়াল বিকল্প হয়ে উঠছে। এর মানে, ভবিষ্যতে হাজার হাজার মানুষ কাজ হারানোর ঝুঁকিতে থাকবে। AI প্রযুক্তির মাধ্যমে তৈরি সৌন্দর্য, মুখাবয়ব বা কণ্ঠস্বর এতটাই নিখুঁত যে মানুষ বাস্তব যোগাযোগ বা সম্পর্কের চেয়ে কৃত্রিম অভিজ্ঞতায় অভ্যস্ত হয়ে পড়ছে। একাকীত্ব, মানসিক অবসাদ, আত্মপরিচয়ের সংকট বাড়ছে। মানুষের আত্মিক সম্পর্কের জায়গা নিচ্ছে ডিজিটাল ইম্প্রেশন। সমাজ হয়ে উঠছে অনুভূতিহীন ও যান্ত্রিক। নির্বাচনের সময় বা রাজনৈতিক উত্তেজনার মুহূর্তে কেউ যদি কাউকে দিয়ে মিথ্যা বক্তৃতা বা উসকানিমূলক ভিডিও প্রকাশ করে—তাহলে তার ফল হতে পারে গণ-উসকানি, দাঙ্গা বা সহিংসতার বিস্তার।
২০২৪ সালের Election Working Group (EWG) এর প্রতিবেদনে বলা হয়েছে—
“AI-generated misinformation is likely to influence public sentiment unless actively countered.” এটি স্পষ্টতই আমাদের সতর্ক হওয়ার সময় বলে দিচ্ছে।
যেখানে ইউরোপ AI Act তৈরি করছে, যুক্তরাষ্ট্রের DARPA যাচাইযোগ্য AI কনটেন্ট শনাক্ত করার প্রযুক্তি গড়ে তুলছে, Google, Meta, OpenAI ওয়াটারমার্ক বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি দিয়েছে— সেখানে বাংলাদেশ এখনো পিছিয়ে।
বর্তমান তথ্যপ্রযুক্তি আইন (২০০৬) বা সাইবার নিরাপত্তা আইন (২০২৩)-এ AI ভিডিওর বিষয়ে কোনো নির্দিষ্ট বিধান নেই।

তাই এখনই সময় একটি শক্তিশালী AI Content Regulation Policy তৈরির, যেখানে থাকবে—
অনুমতি ছাড়া কারো মুখ/কণ্ঠস্বর ব্যবহারে শাস্তির বিধান, সব AI ভিডিও ও ভিজ্যুয়াল কনটেন্টে Watermark বাধ্যতামূলক, স্কুল স্তর থেকেই মিডিয়া সাক্ষরতা শিক্ষা চালু, তথ্য যাচাই ও fact-check প্রযুক্তি উন্নয়ন, কনটেন্ট নিরীক্ষার জন্য আলাদা জাতীয় পর্যায়ের নীতিনির্ধারক প্রতিষ্ঠান হওয়াটা জরুরী।

প্রযুক্তি নিজে ভালো-মন্দ নয়। এর নিয়ন্ত্রণ ও ব্যবহারের পদ্ধতিই ঠিক করে ভবিষ্যতের দিকনির্দেশনা।
AI প্রযুক্তিকে প্রতিদ্বন্দ্বী নয়, বানাতে হবে সহযাত্রী। আমাদের উচিত প্রযুক্তিকে অন্ধভাবে গ্রহণ না করে, প্রতিটি ভিডিও, প্রতিটি তথ্য যাচাই করার অভ্যাস গড়ে তোলা।
তথ্য, প্রযুক্তি ও নৈতিকতা—এই ত্র্যৈমাসিক চেতনার ভিত্তিতেই তৈরি হতে পারে ভবিষ্যতের নিরাপদ ও মানবিক সমাজ। স্মরণ রাখতে হবে— যদি সত্য-মিথ্যার সীমা হারিয়ে যায়, যদি কৃত্রিমতা বাস্তবকে গ্রাস করে নেয়—তবে মানুষ আর মানুষ থাকবে না, রয়ে যাবে কেবল প্রযুক্তির প্রতিচ্ছবি।
সত্য টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব—এবং এই দায়িত্ব শুধু সাংবাদিক, নীতিনির্ধারক নয়—প্রতিটি নাগরিকের।
লেখক: শিক্ষক, সাংবাদিক এবং কলামিস্ট