বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৬ হাজার ৭৭২ ভোট বেশি পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।পুরো আসনের প্রাপ্ত ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রধান প্রার্থীদের প্রাপ্ত ভোট রেজাউল করিম বাদশা ধানের শীষ ১,৩৩,৯৩১ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা ৫৭,১৫৯ আল আমিন তালুকদার ফুলকপি ৫২৬।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। শীতের সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। পুরো নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও সক্রিয় উপস্থিতির কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।নির্বাচন চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কিছু কেন্দ্রের অনিয়মের অভিযোগ তুললেও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম তা নাকচ করে দিয়েছেন। তিনি জানান, "নির্বাচন সম্পূর্ণ সুশৃঙ্খল ও নিরপেক্ষ পরিবেশে হয়েছে। ভিত্তিহীন অভিযোগ না করে সুনির্দিষ্ট প্রমাণ দিলে আমরা অবশ্যই ব্যবস্থা নিতাম।"অন্যদিকে, বিজয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজাউল করিম বাদশা বলেন, "এই বিজয় বগুড়াবাসীর গণতন্ত্রের প্রতি আস্থার বিজয়। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমি অভিভূত। এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ে আমি আজীবন কাজ করে যাব।"উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তী সময়ে তিনি আসনটি ছেড়ে দিলে শূন্য আসনে এই উপনির্বাচনের আয়োজন করা হয়। বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় সাধারণ ভোটারদের মাঝে স্বস্তি বিরাজ করছে।