সিরাজদিখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের প্রকাশ্যে ইউনুস বিরোধী বিক্ষোভ!

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রকাশ্যে ইউনুস বিরোধী বিক্ষোভ মিছিল করেছে করেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটু নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই মিছিল করে। এর কিছুক্ষণ পর ওই বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ভাইরাল হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে পুলিশের এক উপ-পরিদর্শক কামরুজ্জামান সিকদার ও দুই কনস্টেবল শফিকুল ও বাদশা মিয়া নামে তিন সদস্যকে ক্লোজড করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত থাকলেও ছাত্রলীগের পাশাপাশি যুবলীগের নেতাকর্মী মিছিলে অংশ নেন। প্রকাশ্য পুলিশের সামনে এই মিছিল দেখে সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মিছিলের ঠিক পেছনে পুলিশের একটি টহল গাড়ি চলতে দেখা যায়, যা ঘটনাটিকে আরো প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করে তুলেছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড-সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিকভাবে বের হওয়া এই মিছিল নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে স্থানীয়দের মাঝে। এই ঘটনায়, মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন আনু, সতুর চর গ্রামের সোহেল ও রাঙ্গামালিয়া গ্রামের মন্টু নামে ৩ জনকে আটক করেছে পুলিশ।

সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘মিছিল চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি ওই সড়ক দিয়ে যাচ্ছিল। পুলিশ বুজে ওঠার আগেই দ্রুত গতিতে মিছিলকারীরা চলে যায়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে দায়িত্ব অবহেলার কারণে ক্লোজড করা হয়েছে।