দৃষ্টি প্রতিদিন

‎আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ধুনট থানার পুলিশের কড়া নজরদারি জোরদার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ার ধুনট থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধুনট থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলার সর্বত্র নিরাপত্তা জোরদার করতে থানা পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলামের নেতৃত্বে পুরো উপজেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। ঈদকে কেন্দ্র করে শহরের বিভিন্ন মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় সচেতনামূলক মাইকিং করা হচ্ছে। পাশাপাশি পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সিভিল প্রশাসনের সদস্যরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।‎ধুনট উপজেলায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, বাজিতে লুডু খেলা, গুন্ডামি-মাস্তানি, বেআইনিভাবে জমি দখল, দলীয় প্রভাব বিস্তার, ছিনতাই, চুরি ও গোষ্ঠীগত দ্বন্দ্বসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এছাড়াও রাত ১০টার পর মহল্লার অলিগলিতে স্কুলপড়ুয়া ও উঠতি বয়সী কিশোরদের চায়ের দোকানে অযথা আড্ডা দেওয়া বন্ধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।ঈদকে কেন্দ্র করে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় পুলিশি তৎপরতা আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে চুরি-ছিনতাই ও গবাদি পশু চুরি প্রতিরোধে একাধিক টহল টিম রাতভর পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি যাত্রীবাহী বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও পুলিশের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে।‎ধুনট থানার ওসি মোঃ আতিকুল ইসলাম জানান, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধুনট উপজেলার মানুষ যেন পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারেন - সে লক্ষ্যেই এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়িতে এসে জমি-জমা বা পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত বা সহিংস ঘটনা যেন না ঘটে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।‎তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে এলাকায় কোনো বহিরাগত বা সন্দেহজনক ব্যক্তির চলাফেরা চোখে পড়লে দ্রুত নিকটস্থ থানায় অথবা পুলিশকে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।‎পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ধুনট থানা পুলিশ সর্বদা মাঠে কাজ করছে বলে জানান তিনি। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান ওসি আতিকুল ইসলাম।তিনি ধুনটবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের চেতনায় সবার জীবন ভরে উঠুক শান্তি, সুখ ও সমৃদ্ধিতে।‎আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ধুনট থানার পুলিশের কড়া নজরদারি জোরদার

‎আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ধুনট থানার পুলিশের কড়া নজরদারি জোরদার