বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ২ বন্ধু নিহত, আহত ১

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ২ বন্ধু ও আর ১ বন্ধু আহত হয়েছেন।  রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের আঞ্চলিক সড়ক ফুলবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান (২০) ও শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার মরহুম বাবলু ব্যাপারীর ছেলে শাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন একই এলাকার উৎসব চক্রবর্তী (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি দোকানের শাটারে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় শাহাবুল হাসান ও মেহেদী হাসান মারাত্মক জখম হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাহাবুল।

আহত উৎসব চক্রবর্তী জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন

স্থানীয়রা জানান, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে শাহাবুল হাসান তার ফেসবুক প্রোফাইলে একটি নোট স্ট্যাটাস দেন, “সাদা কাপড়, মাটির ঘর, বাসের ছাউনি।” দুর্ঘটনার পর সেই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।