পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া-র ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. মো: আব্দুল মজিদ প্রামাণিককে একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনে অভ্যর্থনা জানানো হয়েছে।আজ রবিবার (৫ মার্চ) সকালে একাডেমীর অডিটোরিয়ামে এক আন্তরিক অভ্যর্থনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আরডিএ অডিটোরিয়ামে হলরুমে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএ’র পরিচালক জনাব মোঃ ফেরদৌস হোসেন খান।অনুষ্ঠানে আরডিএ মহিলা ক্লাবের সভানেত্রী, একাডেমীর সকল পরিচালক, অনুষদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, বিভিন্ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রাক্তন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই আয়োজনে অংশ নেন।মতবিনিময় সভায় বক্তারা নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং একাডেমীর উত্তরোত্তর সমৃদ্ধিতে তাঁর নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করেন। ড. মো: আব্দুল মজিদ প্রামাণিক তাঁর বক্তব্যে একাডেমীর উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা নতুন নেতৃত্বের অধীনে পল্লী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।আলোচনা ও মতবিনিময় পর্ব শেষে আরডিএ ক্যাফেটেরিয়ায় এক প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আহার ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।